
সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি : জামালপুরের
সরিষাবাড়ীর কামরাবাদ ঝিনাই ফিলিং স্টেশনে পেট্রোল বিক্রির নির্ধারিত সময়ের পূর্বেই মোটরসাইকেল রেখে স্থান দখল করে কাগজপত্র ছাড়াই সিরিয়ালের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে স্থানীয়দের।
এমন পরিস্থিতি উত্তরণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। পরে পেট্রোল পাম্পে স্থান দখল করে রাখা মোটরসাইকেল গুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আধা ঘণ্টার মধ্যে মাঠ খালি করার নির্দেশ প্রদান করেন।
এ অভিযানকালে যে সব মোটরসাইকেলের কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন। এছাড়া মোটরসাইকেল মালিকদের শনাক্ত করা যায়নি, সেগুলো থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন ও মোটরসাইকেল মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।