
সরিষাবাড়ীতে ঝিনাই ফিলিং স্টেশনে টোকেন বাণিজ্য ও সিন্ডিকেটের দাপট, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকায় শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী পেট্রোল ও ডিজেল সরবরাহকে কেন্দ্র করে ঝিনাই ফিলিং স্টেশনে নানা অনিয়ম ও সিন্ডিকেটের দাপটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ২০০ টাকা দিয়ে টোকেন নিলে আগে তেল পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভলান্টিয়ার সিন্ডিকেট প্রভাব খাটিয়ে দাপুটে ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে সুযোগ করে দিচ্ছে। একই ব্যক্তি একাধিকবার পেট্রোল নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও মোটরসাইকেল পাহারা দেয়ার জন্য টাকা ও নিচ্ছে তারা।
এছাড়া কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি-ধামকি, এমনকি কিল-ঘুষি ও অপমানের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, বরবাড়িয়া গ্রামের জৈনক আবু সাঈদ নামে এক ব্যক্তি তিনটি মোটরসাইকেলে পেট্রোল নিয়ে দ্রুত চলে যান।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, প্রশাসন ও সাংবাদিকদের জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ নিজেদের জিম্মি মনে করছেন।
এদিকে, স্টেশন মালিকপক্ষের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে মোটরসাইকেল চালক ও সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।