
নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি
আকাশ দাশ: সৈকত আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। বর্তমানে ছুটিতে থাকা শান্ত-মিরাজরা ঈদের ছুটি কাটিয়েই আবার অনুশীলনে ফিরবেন। কিউইদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত করেছে বিসিবি।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের ম্যাচগুলো ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২০ ও ২৩ এপ্রিল যথাক্রমে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর ও চট্টগ্রামে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে কুড়ি ওভারের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ২৯ এপ্রিল এবং ২ মে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।