
হঠাৎ করে সন্ধ্যায় বনে আগুন, এলাকায় আতঙ্ক
বিশেষ প্রতিনিধি: শাহীন আলম : গাজীপুরের শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটের ভেরামতলি বনাঞ্চলে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিদের আগুন লাগানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই বনাঞ্চলের একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন।
বিট কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে এলাকাবাসী সেখানে ছুটে যান। এ সময় তারা দেখতে পান বনের শুকনো পাতা ও ঝোপঝাড়ে আগুন জ্বলছে এবং ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে।
রাথুরা বিট কর্মকর্তা শেখ ইমদাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি বনের ভেতরে প্রবেশ করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় কেউ হয়তো বনাঞ্চলের ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
খবর পেয়ে বিট কর্মকর্তা ও সঙ্গীয় স্টাফসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, যাতে আগুন আরও বিস্তার লাভ করতে না পারে।
এ ঘটনায় পরিবেশপ্রেমী ও স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বনাঞ্চলে নজরদারি জোরদারের আহ্বানও জানিয়েছেন তিনি।