
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সরিষাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ পড়ুয়া তরুণীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ঘটনার সহায়তাকারী সাইফুল খান (৪২)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার হরিপুর গ্রামের মানিক ওরফে নাহিদ দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে কৌশলে তরুণীর চাচা সাইফুল খানকে ব্যবহার করে তাকে ভাটারা বাজারে ডেকে আনা হয়। পরে জন্মনিবন্ধনের কাগজ দেওয়ার কথা বলে স্থানীয় একটি কাজি অফিসে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, এরপর তরুণীকে পৌরসভার ইস্পাহানি এলাকার একটি বাসায় আটকে রেখে কয়েকদিন ধরে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ৭ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে সোমবার (২৫ মে) রাতে অভিযান চালিয়ে মামলার ২য় আসামি সাইফুল খানকে আটক করে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী তরুণী একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।