
নড়াইলের কালিয়ায় স্কুল ঘরে গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত।
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালীন ঝড়ের সময় একটি নারিকেল গাছ ভেঙে স্কুল ভবনের উপর পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলো— সিতারামপুর গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। সে বর্তমান খুলনা আনোয়ারা মেডিকেলে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের অভিযোগ ঝুঁকিপূর্ণ গাছটি আগে অপসারণ না করায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ক্ষুদ্ধ অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, স্কুল কর্তৃপক্ষকে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতসহ যাবতীয় ব্যয় বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হয়েছে। শিঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে গাফিলতি প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু সাহেব সাংবাদিক দের বলেন আহতের চিকিৎসার জন্য আমি নিজে আহতের পিতা নুরজামালের সাথে ফোনে চিকিৎসার বিষয় নিয়ে কথা হয়েছে এবং আনোয়ারা মেডিকেলের ম্যানেজিং ডাইরেক্টর এর সাথে তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সিয়ামের চিকিৎসার যেন কোন রকম গাফিলতি না হয় সে বিষয়ে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নির্দেশ দিয়েছেন, এবং সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।