
পঞ্চগড়ে বাজারে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় শহরের টিন পট্টি রোড বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুনে অল্প সময়ের মধ্যেই ছয়টি দোকানের সব মালামাল পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঘটনাস্থলের পাশেই একটি কাপড়ের মার্কেট থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়।
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা না গেলেও স্থানীয়দের ধারণা, প্রায় ছয়টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে তারা পথে বসেছেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত ছয়টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।