
ফুলপুরে গরিব-দুঃখীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদ উল্লাহর পক্ষ থেকে ফুলপুর ও তারাকান্দার বিভিন্ন ইউনিয়নে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নেও গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। সখল্লার মোড় দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ও শ্যামপুর বাজার এলাকায় এসব নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইটকান্দি ইউনিয়নের প্রশাসক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মুশতাক আহমেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, সেক্রেটারি তোফায়েল আহমেদ, খেলাফত মজলিস নেতা আসাদুজ্জামান রোকন এবং বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আল আমিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় তারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি, থ্রি-পিস ও নগদ অর্থ তুলে দেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।