
সরিষাবাড়ীতে এবারও ১ হাজার দরিদ্র পরিবার পেলো পলাশ মিয়া ফারুকের ঈদ উপহার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও ১ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার পোগলদিয়া ইউনিয়নের মোনারপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পোগলদিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক।
জানা গেছে, প্রতি বছরই পলাশ মিয়া ফারুক এর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবারও বিভিন্ন গ্রামের ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ ও সাবান বিতরণ করা হয়েছে। এসব ঈদ সামগ্রী পেয়ে খুশি অসহায় ও হতদরিদ্ররা।
অনুষ্ঠানে পলাশ মিয়া ফারুক সহ সুধী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।