
সরিষাবাড়ীতে জনতা কর্তৃক ১ কেজি গাঁজা উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী অবস্থান নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার উদ্যোগে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর শেষ সীমানায় উদ্ধার করে জয়নগর বাজার এলাকায় রাত ১০টার দিকে সরিষাবাড়ী থানার পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীকে আব্দুল কে শনাক্ত করার পর টানা সাত দিন নজরদারি চালায় এলাকার সচেতন যুবক ও গ্রামবাসী। পরে সোমবার দুপুরে ভাটারা ইউনিয়নের জয়নগর ও মহিষাবাদুরিয়া গ্রামের মানুষ পাহারা বসিয়ে অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন। তবে জনতার উপস্থিতি টের পেয়ে গাঁজা ব্যবসায়ী আবদুল গাঁজা ফেলে পালিয়ে যায়।
পলাতক আবদুল ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আহেদ আলীর ছেলে বলে জানা গেছে।
পরে রাত ১০টার দিকে জয়নগর বাজারে সরিষাবাড়ী থানার এসআই শাহীন ও এএসআই শাহাদাত হোসেনের কাছে উদ্ধারকৃত গাঁজা হস্তান্তর করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ১৪১-জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপির দিকনির্দেশনায় যুব ও ছাত্র সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এলাকাবাসী মাদকবিরোধী অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে গ্রামবাসীর উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
গাঁজা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী, প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রতন মিয়া সহ স্থানীয় সচেতন এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।