
ওসমানীনগরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট: এক লাখ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের খায়েরপুর গ্রামে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৫০ মিনিট পর্যন্ত অবৈধভাবে মাটি কাটার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে এবং ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে খায়েরপুর গ্রামের বাসিন্দা সফর আলী (৫০), পিতা মৃত বাহার উল্লাহকে হাতেনাতে অবৈধভাবে মাটি কাটতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।