
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে হাসপাতালে মোট ৭ শিশুর মৃত্যু হলো।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক মো. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ মার্চ শেরপুরের নকলা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতায় আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
একই সময়ে নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে তিনটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।