
গফরগাঁওয়ে চাচার কোপে বাতিজা খুন
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চাচার দায়ের কোপে মোহাম্মদ রিফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে, আর তার চাচার নাম মো. মনির হোসেন (৩০)। মনসুর ও মনির সৎ ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির একজন চিহ্নিত মাদকসেবী এবং দীর্ঘদিন ধরে মনির ও তার সৎ ভাই মনসুরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক কলহও তাদের মাঝে ছিল। ঘটনার দিন সকালে মনির বাড়িতে অশান্ত আচরণ করছিলেন। তিনি দা নিয়ে নিজের ছেলেকে মারতে গেলে, রিফাত বাধা দিতে যান। এ সময় মনির রিফাতের হাঁটুর নিচে কোপ দেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে রিফাতকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে অভিযুক্ত মনির পলাতক রয়েছেন। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।