
ওসমানীনগরে বসন্তের আম্র-মুকুলে স্বপ্ন ও সম্ভাবনার সুবাস
ওসমানীনগর(সিলেট)সংবাদদাতা: দুটি পাতা একটি কুঁড়ির দেশ, হযরত শাহ জালাল(র:)এর পুণ্যভূমি এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল তাউল গণি ওসমানী–এর স্মৃতিধন্য বসত ভূমি সিলেটের ওসমানীনগর উপজেলায় বসন্তের আগমনী বার্তায় প্রকৃতি ধারণ করেছে অনন্য রূপ। গাছে গাছে ফুটেছে বিভিন্ন প্রজাতির আমের মুকুল,ক্ষুদ্র হলুদাভ-সবুজ ফুলের ঝাঁক যেন চারদিককে সাজিয়েছে এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে। বাতাসে ভেসে আসছে মিষ্টি সুরভি, যা গ্রামবাংলার মানুষকে করছে মাতোয়ারা।
ভোরের সোনালি আলো যখন আমগাছের ডালে পড়ে, তখন নিপুণ কণ্ঠে ডাকে কোকিল। দোয়েল ডাল বদলে উড়ে বেড়ায়, শালিক দলবেঁধে বসে থাকে গাছের চূড়ায়। বুলবুলি মুকুলের ফাঁকে ফাঁকে ছুটে বেড়ায়, আর ফিঙে দূরের নীল আকাশ ছুঁয়ে এসে বসে ডালের আগায়। মৌমাছির অবিরাম গুঞ্জন আর পাখিদের কলতান মিলেমিশে যেন গড়ে তোলে এক স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক অর্কেস্ট্রা। সিলেট-ঢাকা মহাসড়কের কূলঘেঁষা এই উপজেলার জনপদজুড়ে প্রকৃতি এখন প্রাণবন্ত, সজীব ও রঙিন।
উপজেলার ৮টি ইউনিয়নের গ্রামগুলো যেন নতুন সাজে সেজেছে। ছোট, মাঝারি ও বড়,সব আকারের আমগাছে ফুটেছে মুকুল, ছড়াচ্ছে আপন মহিমার শোভা। দেশি জাতের পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের আমগাছেও এসেছে মুকুল। মুকুলের আগমন কেবল সৌন্দর্যের বার্তা নয়; এটি অর্থনৈতিক সম্ভাবনা ও পুষ্টি চাহিদা পূরণের এক আশাব্যঞ্জক ইঙ্গিত।
স্থানীয়রা জানান, এ বছর গাছে মুকুল ভালো এসেছে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও হয় সন্তোষজনক। একটি গাছে ভালো ফলন মানে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ, সন্তানের বই-খাতা কেনা, এমনকি ছোটখাটো ঋণ পরিশোধেরও সুযোগ তৈরি হওয়া। তাই প্রতিটি মুকুলই কৃষকের কাছে একেকটি সম্ভাবনার প্রতীক।
তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের ফলনের ভালো সম্ভাবনা রয়েছে। দীর্ঘ খরার কারণে কিছু মুকুল ঝরে যাওয়ার আশঙ্কা থাকলেও সময়মতো পরিচর্যা করলে ক্ষতি কমানো সম্ভব।
উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন, আমের মুকুল আসা মানেই ফলনের সম্ভাবনার সূচনা। তবে কৃষকদের সতর্ক থাকতে হবে। পোকামাকড় ও রোগবালাই দমনে নিয়মিত পরিচর্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ফলন ভালো হবে। কিন্তু খরা, ঝড় কিংবা অকালবৃষ্টির কারণে মুকুল ঝরে যেতে পারে, তাই সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রকৃতির এই রূপ ও সম্ভাবনার হাতছানিতে ওসমানীনগর এখন বসন্তের উচ্ছ্বাসে উদ্ভাসিত আম্র-মুকুলের সুরভিতে ভরে উঠেছে জনপদ, জেগে উঠেছে কৃষকের স্বপ্ন।