শ্রমিকের ঘামেই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ : শামীম তালুকদার এমপি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
“শ্রমিকের ঘাম ও শ্রমই উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” — মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এভাবেই শ্রমজীবী মানুষের গুরুত্ব তুলে ধরেন ১৪১জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি।
‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে নিয়ে শুক্রবার (১ মে) সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন। পরে একটি বিশাল র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শামীম বলেন, “এক সময় সরিষাবাড়ীতে ২৬টি পাটকল সচল ছিল, যেখানে প্রায় ২২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ছিল। অত্যন্ত দুঃখজনকভাবে আজ সেই সকল পাটকল হারিয়ে গেছে। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিক শ্রেণির অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মান নিশ্চিত করলেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সভাপতি আজিমুদ্দিন আহম্মেদ, তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় শ্রমিক নেতারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।