পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ায় নিষিদ্ধ শানাকা!
আকাশ দাশ সৈকত :
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাথে চুক্তি ভঙ্গ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বেছে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সাথে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একই সময়ে আইপিএল খেলতে যাওয়ায় তাকে আগামী আসর থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ সোমবার পিসিবি’র পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শানাকার বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের ভাষ্যমতে, শানাকা একতরফাভাবে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন।তার এই পদক্ষেপ খেলোয়াড় নিবন্ধন শর্ত এবং সংশ্লিষ্ট ত্রিপক্ষীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন।শাস্তিস্বরূপ তিনি ২০২৭ সালের পিএসএল আসরে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য যে, বিদেশি খেলোয়াড়দের চুক্তি ভঙ্গের বিষয়ে পিসিবি বর্তমানে বেশ কঠোর অবস্থান নিয়েছে। এর আগে একই ধরণের আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকেও দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছিল বোর্ড।