
স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
আকাশ দাশ সৈকত: বাংলাদেশের স্পিন-বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই আসন্ন সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।
ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিন-সহায়ক উইকেটে খেলেছে বাংলাদেশ। এবার সেই একই চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা আসছে নিউজিল্যান্ড। তবে চলমান আইপিএল এবং পিএসএল-এ ব্যস্ত থাকায় কিউই স্কোয়াডে নেই একাধিক তারকা ক্রিকেটার। অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে এই তিন সপ্তাহের সফরটি নিউজিল্যান্ডের জন্য কিছুটা কঠিন হতে পারে। তবে দেশ ছাড়ার আগে সম্ভাব্য সব চ্যালেঞ্জ নিয়েই কথা বলেছেন অধিনায়ক ল্যাথাম।
উইকেটের ধরন প্রসঙ্গে টম ল্যাথাম বলেন, “উইকেটের সম্ভাব্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের আছে। অতীতের ম্যাচগুলো পর্যালোচনা করে আমরা যতটা সম্ভব তথ্য সংগ্রহ করেছি। আমরা জানি যে বাংলাদেশে স্পিন বড় ভূমিকা পালন করবে। এটা বুঝতে হবে যে নিউজিল্যান্ডের চেয়ে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে।”
প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, যখনই বাংলাদেশ বা কিছুটা অপরিচিত কোনো কন্ডিশনে খেলতে যাওয়া হয়, তখন প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে শুরুটা যদি ভালোভাবে করা যায়, তবে তা সিরিজের ফলাফলে বড় পার্থক্য গড়ে দেয়। মানিয়ে নেওয়াটাই মূল বিষয়। আমরা এটি নিয়ে আলোচনা করছি এবং আশা করি মাঠের লড়াইয়ে তা বাস্তবায়ন করতে পারব।”