ফুলপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: দপ্তর পরিদর্শন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সহায়তা বিতরণ
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন, উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণ করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বেলা সাড়ে ১১টার দিকে ফুলপুরে পৌঁছান। আগমনের পর তিনি প্রথমে ফুলপুর থানা পরিদর্শন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে তিনি বেলা ২টার দিকে উপজেলা পরিষদে উপস্থিত হন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘বিজয় মঞ্চ’-এর উদ্বোধন করেন।
পরে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় চারটি অসহায় পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে একটি করে ছাগল ও একটি করে খাসি এবং এসব পশুর খাদ্য বাবদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ ছাড়া উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক। অনুষ্ঠান শেষে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।