সাভারে জমি দখল ব্যর্থ হয়ে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার! আদালতে মামলা, নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ
মোঃ আসিফুজ্জামান আসিফ : সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনার উদ্ভব হয়েছে। নিজের বৈধ জমি দখলে ব্যর্থ হয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, সাধাপুর এলাকায় ২৬ শতাংশ জমির মালিক সাভারের ঘোষপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কুমার ঘোষ। অভিযোগ রয়েছে, একই এলাকার রাকেশ ঘোষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
বিভিন্নভাবে চেষ্টা করেও জমি দখলে ব্যর্থ হয়ে এখন রাকেশ ঘোষ অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ ও অপপ্রচার ছড়াচ্ছেন, যাতে করে সামাজিকভাবে সঞ্জিত কুমার ঘোষকে হেয় করা যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার আইনগত পদক্ষেপ গ্রহণ করে আদালতে একটি মামলা দায়ের করেছেন। তারা আশা করছেন, আদালতের মাধ্যমে সঠিক বিচার পাবেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
“রাকেশ ঘোষ জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দখল করতে না পেরে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এদিকে, এই বিরোধ নতুন নয়। অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ১২ অক্টোবর জমি দখলের উদ্দেশ্যে জমির দেখভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার শামছুল ও তার স্ত্রী চানবানুকে মারধর করে গুরুতর আহত করা হয়। সেই সময় জমিতে থাকা দেয়ালও ভাঙচুর করা হয়।
পরে এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে আদালত সংশ্লিষ্ট জমিতে অভিযুক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও অভিযুক্তরা তা অমান্য করে এখনও জমিতে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অপপ্রচার, হামলা ও আদালতের নির্দেশ অমান্যের মতো গুরুতর অভিযোগে সাভারের এই ঘটনা এখন স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।