“ময়মনসিংহে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে দুই শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠান বর্জন করেন।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
উপস্থিত সাংবাদিকরা জানান, মতবিনিময় সভা কাভার করতে তারা ক্যামেরাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।’
পরবর্তীতে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সার্কিট হাউজের ডাকবাংলোতে তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলা হবে।
সাংবাদিকদের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যের পরপরই উপস্থিত কয়েকজন শিক্ষক তাদের জোরপূর্বক অডিটোরিয়াম থেকে বের করে দেন। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এমনকি কেউ কেউ ঘুষি মারারও চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান বর্জন করে অডিটোরিয়ামের বাইরে অবস্থান নেন।
জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
ঘটনাটি ঘিরে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।