চোটের মিছিলে নতুন নাম রাফিনহা
আকাশ দাশ সৈকত: ব্রাজিল ফুটবল শিবিরে চোটের অভিশাপ যেন কাটছেই না। একের পর এক তারকা ফুটবলারের ইনজুরিতে সেলেসাওদের ড্রেসিংরুম এখন যেন এক ছোটখাটো হাসপাতাল। সেই তালিকায় এবার যোগ হলো দলের অন্যতম ভরসা,ফরোয়ার্ড রাফিনহার নাম।
গত বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে হারা সেই ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরিস্থিতি বিবেচনায় বিরতির পর তাকে আর মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ কার্লো আনচেলত্তি। শুক্রবার ব্রাজিলের মেডিকেল টিম নিশ্চিত করেছে যে, রাফিনহার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।
রাফিনহার জন্য এই মৌসুমটি মাঠের লড়াইয়ের চেয়ে ইনজুরির সাথেই যুদ্ধ ছিল বেশি। চলতি মৌসুমে ৩১ ম্যাচে ১৯ গোল দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে তার চোট। গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চোটের কারণে মিস করেছেন ১৩টি ম্যাচ। এরপর জানুয়ারি ফেব্রুয়ারি সময়েও মাঠের বাইরে ছিলেন ৩ ম্যাচ।
মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী, সুস্থ হয়ে ফিরতে রাফিনহার অন্তত পাঁচ সপ্তাহ সময় লাগবে। ফলে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে আনচেলত্তিকে।