'ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে': থিয়াগো সিলভা
এড সৈকত :ফিটনেস এবং ফর্ম অনুকূলে থাকলে আসন্ন বিশ্বকাপে নেইমার জুনিয়রকে ব্রাজিল দলে না দেখার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না দলটির সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা।
বিশ্বকাপের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। মাঠের লড়াই শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোর জন্য সম্প্রতি দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। তবে ঘোষিত সেই দলে নেইমার জুনিয়রের জায়গা না হওয়া নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে বইছে সমালোচনার ঝড়।
এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছেন কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার ফর্মে থাকলে তাকে দলে না নেওয়ার কোনো সুযোগ নেই।
সিলভা বলেন ,"আমার কাছে বিষয়টি নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। নেইমার যদি তার স্বাভাবিক ছন্দে থাকে, তবে বিশ্বকাপে তাকে অবশ্যই দলে নিতে হবে।"
৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় নেইমারকে দলে রাখা অনেকটা বাধ্যতামূলক। তিনি আরও যোগ করেন, "সে এখন যেভাবে খেলছে, তাতে তাকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। নেইমার যখন মাঠে থাকে, তখন প্রতিপক্ষ আগে থেকেই তাকে নিয়ে চাপে থাকে। সে প্রতিপক্ষের জন্য সবসময়ই এক আতঙ্কের নাম।"