ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল
ফয়জুর রহমান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব ফারাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব মন্ডল, উপজেলা সেক্রেটারি জাকির হোসেন মাস্টার এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈকত আজিজসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক এবং পেশাজীবী ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, বিগত নির্বাচনে ফুলপুর-তারাকান্দার মানুষ নানা প্রতিকূলতা ও ঝুঁকি উপেক্ষা করে তাদের সমর্থন জানিয়েছেন। সেই আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করতে হলে জনগণের পাশে থাকতে হবে এবং তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সামাজিক ও রাষ্ট্রীয়—সবক্ষেত্রে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে আসা প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।