সাভারের মেইটকায় যুবদল নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ‘মিথ্যা’ দাবি, এলাকাবাসীর ক্ষোভ
মোঃ আসিফুজ্জামান আসিফ :ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের মেইটকা এলাকায় কেরানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বিল্লাল ও তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদেরের বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা বলে দাবি করেছেন জমির মালিক ও স্থানীয়রা।
রোববার সন্ধ্যায় এ বিষয়ে বক্তব্য দেন জমির প্রকৃত মালিক আখতার হোসেন। তিনি বলেন, তিনি তার মালিকানাধীন জমি বেলায়েত হোসেন বিল্লালের কাছে বিক্রি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ ছড়িয়ে বলছে যে তারা জমি দখল করতে গেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
আখতার হোসেন আরও বলেন, প্রতিপক্ষের কাছে যদি ওই জমির বিষয়ে বৈধ দলিল থাকে, তাহলে তা যাচাই করে জমি বুঝিয়ে দেওয়া হবে। তবে কোনো প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান তিনি।
এদিকে যুবদলের এই দুই নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।