পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নৈশকোচ মোটরসাইকেল সংঘর্ষে মা-মেয়ে নিহত
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইফতার মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি নৈশকোচের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও তার এক মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শিশুসহ মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৬) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা।
আহতরা হলেন মমতার আরেক মেয়ে মোবাসসিরা (৫) ও তার ভাগিনা সুন্দরদিঘী চরপাড়া এলাকার মনিরুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার মমতা বেগম তার বাবার বাড়ি সোনাহার গজপুরী গ্রামে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাতে ভাগিনা মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে দুই জমজ মেয়েকে নিয়ে দেবীগঞ্জ কলেজপাড়ার বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে নতুনবন্দর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নৈশকোচ নাদের পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মমতা বেগম ও তার মেয়ে মুনতাহার মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।