ডাক্তারের ভুল চিকিৎসার শিকার কানাইঘাটের আল-ইমরান, বাঁচতে চায় ১২ বছরের মেধাবী শিক্ষার্থী
সিলেট (ওসমনীনগর) প্রতিনিধি :সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি নয়া গ্রামের বাসিন্দা লোকমান আহমদের ১২ বছর বয়সী ছেলে আল-ইমরান আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। প্রায় আড়াই বছর আগে স্থানীয় এক চিকিৎসকের কাছে খতনা করাতে গিয়ে গুরুতর জটিলতার শিকার হয় সে। পরিবারের দাবি, ভুল চিকিৎসার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এরপর থেকে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে আল-ইমরান।
চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। সময়মতো চিকিৎসা না হলে মারাত্মক জটিলতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তাররা।
আল-ইমরানের বাবা লোকমান আহমদ গত আড়াই বছর ধরে ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন। চিকিৎসা ব্যয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে তারা এখন ঋণগ্রস্ত ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হচ্ছে।
এক সময় যে ছেলেকে ঘিরে পরিবারের ছিল অসংখ্য স্বপ্ন, আজ সেই আল-ইমরান বাঁচার আকুতি জানাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থা ও প্রবাসী ভাই-বোনদের কাছে তার পরিবারের আবেদন—যাকাত বা অনুদান হিসেবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
লোকমান আহমদ (আল-ইমরানের বাবা)
মোবাইল: 01756494118 (সাহায্য পাঠানোর আগে যোগাযোগের অনুরোধ)
বিকাশ (পার্সোনাল): 01756494118
ব্যাংক হিসাব নং: 0200022583628 অগ্রণী ব্যাংক লিমিটেড, গাছবাড়ি শাখা, কানাইঘাট, সিলেট।আল-ইমরানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে তার পরিবার।
২২/০২/২০২৬ইং