সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে মহিলা দলের গণমিছিল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নারী সমাজের এক অভূতপূর্ব শক্তির প্রদর্শন দেখা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভাটারা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৯ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার মহিষাবাদুরিয়া এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি জয়নগর বাজার পর্যন্ত অগ্রসর হয়ে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে দেয়। মিছিলজুড়ে ছিল ধানের শীষের পক্ষে স্লোগান, নারী নেত্রীদের দৃপ্ত পদচারণা এবং পরিবর্তনের প্রত্যয়ের বার্তা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ফরিদুল কবীর শামীমের সহধর্মিণী মেহেরজান আরা তালুকদার বলেন—নারীর ভোটই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে, তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে আপনার ভোট আমানত হিসেবে ধানের শীষের ভোট দিন । এ আমানত কোনদিন খেয়ানত হবে না।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। অন্যান্য বক্তারাও সরকারের সমালোচনা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।
গণমিছিল ও পথসভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি পুরো কর্মসূচিকে রূপ দেয় এক শক্ত রাজনৈতিক শোডাউনে।