জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনে এসেছি: সালমান ওমর রুবেল
ফয়জুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ সালমান ওমর রুবেল বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করতেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি জনগণের জন্য রাজনীতি করি। জনগণ এবং আমার সঙ্গে যারা রাজনীতি করেন, তারা সবাই চেয়েছেন আমি নির্বাচন করি। তাদের চাওয়া ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি।”
তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। অন্যদিকে জনগণ আমাকে নির্বাচনে দেখতে চায়। তাই তাদের প্রত্যাশা পূরণে নির্বাচনে এসেছি।”
সালমান ওমর রুবেল বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমি গত ১৭ বছর ধরে হালুয়াঘাট - ধোবাউড়ার জনগণের পাশে আছি। আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন, আমি তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হতে পারলে হালুয়াঘাট–ধোবাউড়ার যেসব কাঁচা সড়ক রয়েছে, সেগুলো পাকা করা হবে। স্বাস্থ্য খাতের অবস্থা খুবই নাজুক—আমি নির্বাচিত হলে এ খাতের উন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, “হালুয়াঘাটে দুটি স্থলবন্দর রয়েছে। এগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে আমদানি–রপ্তানি বৃদ্ধি করা হবে। পাহাড়ি অঞ্চল বেশি থাকায় অনেক জায়গায় এক ফসলের বেশি উৎপাদন সম্ভব হয় না। আধুনিক প্রযুক্তিনির্ভর সেচব্যবস্থা চালুর মাধ্যমে দুই ফসলের আওতায় আনা হবে।”
পর্যটন খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, “হালুয়াঘাট–ধোবাউড়া একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। এখানে পর্যটকদের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়।”
আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উন্নয়নেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “তাদের জীবনমান উন্নয়ন ও ভাগ্যোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক হালুয়াঘাট–ধোবাউড়া গড়ে তুলতে যা যা করণীয়, আমরা তা বাস্তবায়ন করব।”
নির্বাচনী প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, “বিএনপির প্রার্থীর লোকজন আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, প্রচারণায় বাধা দিচ্ছে এবং কর্মীদের ধরে নিয়ে তাদের কার্যালয়ে নিয়ে ছবি তুলে দলে যোগ দিয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে।”তিনি আরো বলেন গত কিছু দিন পূর্বে ধোবাউড়ায় আমার এক কর্মী নজরুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন
প্রকাশ্য দিবালোকে ছুরিকাগাতে হত্যা করেছে। এছাড়াও আমাদের কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে।