ফুলপুরে নির্বাচনী পথসভায় মুফতি গোলাম মাওলার পক্ষে ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার পক্ষে ভোট চেয়েছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, যিনি পীর সাহেব চরমোনাই নামে পরিচিত।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফুলপুর উপজেলার আমুয়াকান্দা ডিগ্রি কলেজ রোড মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মুফতি গোলাম মাওলা ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ‘বিগত ৫ আগস্টের পর মানুষ পরিবর্তন চেয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোটবাক্স নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন ইসলামি দলকে নিয়ে সমঝোতার চেষ্টা করি। সে সময় সাতটি দল একত্রিত হয়েছিল, পরে জামায়াতে ইসলামিও আমাদের সঙ্গে যুক্ত হয়।’
তিনি বলেন, ‘আমরা ইসলামের পক্ষে “ওয়ান বক্স পলিসি” ঘোষণা করেছিলাম। কিন্তু পরবর্তীতে ক্ষমতা লোভীরা আমাদের ইসলামের বাক্সকে ছিনতাই করে। তারা ইসলামের নাম ব্যবহার করে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছে। আমরা উপলব্ধি করি, এই জোটে থাকলে হয়তো ক্ষমতায় যাওয়া সম্ভব হতো, কিন্তু ইসলাম ক্ষতিগ্রস্ত হতো। তাই দেশের শীর্ষ ওলামায়ে কেরামের পরামর্শে আমরা সেই জোট থেকে বেরিয়ে আসি।’
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, ইসলামকে ক্ষমতায় আনার রাজনীতি করে। ইসলামের পক্ষে এখনো একটি ভোটবাক্স রয়েছে, আর সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক।’
এ সময় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এলাকার পরিচিত আলেম মুফতি গোলাম মাওলা ভূঁইয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।’ বক্তব্যের একপর্যায়ে তিনি প্রার্থীর হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন।
পথসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এ কে এম জালাল উদ্দিন, সভাপতি মুফতি নজরুল ইসলাম, সহসভাপতি মুফতি ইখলাস উদ্দিন এবং সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।