
নওয়াপাড়া নূরবাগ স্টান্ডে ৩০০ ইজিবাইকের ওপর দৈনিক চাঁদা, অস্ত্র দেখিয়ে ত্রাস !
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
চাঁদা না দিলে হত্যা ও লাশ গুমের হুমকি, বালির মাঠে নিয়ে মারধরের অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকায় ইজিবাইক চালকদের জিম্মি করে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করে আসছে এমন গুরুতর অভিযোগ উঠে এসেছে। প্রতিদিন ইজিবাইক প্রতি নির্ধারিত চাঁদা আদায়, নতুন স্ট্যান্ডে যুক্ত হতে এককালিন বড় অঙ্কের টাকা নেওয়া, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি ও মারধরের অভিযোগে ইতোমধ্যে সেনাবাহিনী ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ইজিবাইক চালক মোঃ মুস্তাফিজুর রহমান (২৬) অভিযোগে উল্লেখ করেন, নওয়াপাড়া নুরবাগ স্ট্যান্ডকে কেন্দ্র করে একটি চক্র প্রতিটি ইজিবাইক থেকে দৈনিক ১০ টাকা এবং নতুন করে স্ট্যান্ডে যুক্ত হতে চাইলে এককালিন ৫ হাজার টাকা করে আদায় করে আসছে। প্রতিদিন ওই স্ট্যান্ড এলাকায় আনুমানিক ৩০০টি ইজিবাইক চলাচল করায় প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ।
অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা সরাসরি ভয়ভীতি দেখায় এবং নওয়াপাড়া পৌরসভা এলাকায় ইজিবাইক চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেয়। অনেক চালককে নওয়াপাড়া টেকার স্ট্যান্ড সংলগ্ন বালির মাঠে নিয়ে গিয়ে চাকু ও বিভিন্ন অস্ত্র দেখিয়ে খুন-জখমের হুমকি দেওয়া হয়।
জ্যাকেট থেকে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ে অভিযোগ ভুক্তভোগীর ভাষ্যমতে, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল সাড়ে চারটার দিকে বুইকরা গরুরহাট এলাকায় একটি ইজিবাইক গ্যারেজে অবস্থানকালে তিনি তার ব্যবহৃত ইজিবাইকের ভেতরে রাখা জ্যাকেটের পকেট থেকে ৭ হাজার টাকা চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে ওই গ্যারেজে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্তদের একজনের আত্মীয় ওই টাকা চুরি করেছে বলে অভিযোগ।
ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও পরে বিষয়টি আরও ভয়াবহ রূপ নেয়।
টাকা ফেরতের কথা বলে ফাঁদ, প্রকাশ্যে মারধর
অভিযোগে আরও বলা হয়, ২ জানুয়ারি ২০২৬ রাতে টাকা ফেরত দেওয়ার কথা বলে অভিযুক্ত মোঃ রিপন ভুক্তভোগীকে নওয়াপাড়া টেকার স্ট্যান্ড সংলগ্ন বালির মাঠে নিয়ে যান।
সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অপর অভিযুক্তরা। ওই স্থানে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করা হয়। একই সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে না এবং পুনরায় টাকা চাইলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে গলাধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারধরের ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে ইজিবাইক চালাতে দিচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বিষয়টি অন্য চালকদের জানালে তারাও প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি প্রদর্শনের শিকার হন।
ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষ সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ইজিবাইক চালকরা এই চক্রের ভয়ে মুখ খুলতে সাহস পান না।
সেনাবাহিনী ক্যাম্প ও থানায় অভিযোগ পরিস্থিতির ভয়াবহতায় ভুক্তভোগী প্রথমে রাজঘাট এলাকায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্প (জে.জে.আই মিলস)-এ লিখিত অভিযোগ দায়ের করেন। পরে একই অভিযোগ অভয়নগর থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। অন্যথায় নওয়াপাড়ার ইজিবাইক চালকদের জীবন ও জীবিকা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।